Ad space

হ্যাট্রিকের পথে দেশের যুবারা

প্রকাশ:
8
Image
Collected

জুনিয়র এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নকে আরও বাস্তব করে তুলছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপাল অনূর্ধ্ব–১৯ দলকে একপ্রকার একতরফা লড়াইয়ে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে দাপুটে অবস্থান জানান দিল যুবারা। হাতে ছিল বিশাল ১৫১ বল—যা ম্যাচে বাংলাদেশের আধিপত্যই স্পষ্ট করে|

দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নেপাল শুরুটা করেছিল আশাব্যঞ্জকভাবে। ওপেনার সাহিল প্যাটেল ও নিরাজ কুমার যাদব প্রথম উইকেটে ৪০ রান যোগ করেন। তবে এই জুটিই ছিল নেপালের ইনিংসের সবচেয়ে উজ্জ্বল অংশ। সাহিল ১৮ ও নিরাজ ১৪ রান করে ফিরে গেলে বাংলাদেশের বোলাররা পুরো ম্যাচ নিজেদের মুঠোয় নিয়ে নেন।

এরপর একের পর এক ধাক্কায় ভেঙে পড়ে নেপালের ব্যাটিং লাইনআপ। লেট মিডল অর্ডারে আশিশ লুহার (২৩) ও অভিষেক তিওয়ারি (৩০) কিছুটা লড়াই করলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। শেষ পর্যন্ত ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানেই অলআউট হয় নেপাল।

বাংলাদেশের বোলিং আক্রমণে ছিলেন শৃঙ্খলা ও বৈচিত্র্যের মিশেল। এমডি সবুজ বল হাতে সবচেয়ে সফল, শিকার করেন ৩ উইকেট। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও অধিনায়ক আজিজুল হাকিম নেন ২টি করে উইকেট। একটি উইকেট যোগ করেন শাহরিয়া আল আমিন।

সহজ লক্ষ্য তাড়ায় নেমেও বাংলাদেশ শুরুতে কিছুটা হোঁচট খায়। ওপেনার রিফাত বেগ ৫ রান করে আউট হন। ওয়ানডাউনে নামা অধিনায়ক আজিজুল হাকিমও মাত্র ১ রান করে ফিরে গেলে চাপ বাড়ে। তবে সেই চাপ উড়িয়ে দেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী। তৃতীয় উইকেটে তাঁদের ৯২ রানের জুটি ম্যাচের ভাগ্য একেবারেই বাংলাদেশের দিকে ঠেলে দেয়।

কালাম সিদ্দিকী ৬৬ বলে ৩৪ রান করে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে অনবদ্য ইনিংস খেলেন জাওয়াদ আবরার। ৬৮ বলে অপরাজিত ৭০ রান করে দলকে স্বাচ্ছন্দ্য জয় এনে দেন তিনি। আগের ম্যাচে ৯৬ রানের ইনিংস খেলা এই ওপেনার ধারাবাহিকতার প্রমাণ দিয়ে আবারও ম্যাচসেরার পুরস্কার জেতেন।

২৪.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। এই জয়ে ‘বি’ গ্রুপে টানা দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে তারা। সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিতের পথে আজিজুল হাকিম তামিমের দল। গ্রুপে বাংলাদেশের বাকি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে—যে ম্যাচেই গ্রুপ সেরার ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যেতে পারে।

আরও পড়ুন

লোড হচ্ছে...